চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় অভিযানে মেসার্স সুমি ফার্মেসির ফ্রিজে পাওয়া মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন সুবর্ণভূমি-
ছবি:
চুয়াডাঙ্গা সদর উপজেলার মেসার্স সুমি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন সংরক্ষণের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত সদর উপজেলার হিজলগাড়ী ও ডিঙেদহ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযানে ফার্মেসিসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় আশরাফুল আলমের মালিকানাধীন মেসার্স সুমি ফার্মেসির ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানে ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা এবং নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি না করতে সতর্ক করা হয়।
অভিযানে ক্যাব সদস্য রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।