স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর কেন্দ্রীয় কারাগারে আটক যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, মহিলালীগ নেত্রী নাছিমা সুলতানা মহুয়াসহ তিন আসামিকে বাস পোড়ানো মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম শুনানি শেষে তাদের শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন। শ্যোন অ্যারেস্ট হওয়া অপর আসামি হলেন, যশোর শহরের মুড়লি জোড়া মন্দির এলাকার শেখ আব্দুল খালেকের ছেলে আবু বক্কর সিদ্দিক।
কোতোয়ালি থানার এসআই অনুপ কুমার মন্ডল জানান, গত ১৩ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইবুনালের রায় ঘোষণার তারিখকে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা লকডাউনের সময় যশোর শহরের উপশহর এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের মালিক মনিরুল ইসলাম বাদী হয়ে যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সাবেক কাউন্সিলর শেখ জাহিদ হাসান মিলনসহ অজ্ঞাতনামা আরও ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্তে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, নাছিমা সুলতানা মহুয়া ও আবু বক্কর সিদ্দিকের নাম উঠে আসে। পরে তাদের ওই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়।
রোববার শুনানি শেষে আদালত শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেছেন।