যশোর, বাংলাদেশ || সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে বিপাকে কলেজছাত্র

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৪:১৪ পিএম
জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে বিপাকে কলেজছাত্র

Subornovumi কালীগঞ্জ: কলেজছাত্র পলক মল্লিক সুবর্ণভূমি- ছবি:

বাবা অসুস্থ হয়ে বাড়িতে শয্যাশায়ী। মা একটি ক্লিনিকে কাজ করতেন, সেটিও বন্ধ হয়ে গেছে। বাধ্য হয়ে কলেজপড়ুয়া পলক মল্লিককে লেখাপড়ার পাশাপাশি কাজে নামতে হয়। এনজিও থেকে ঋণ নিয়ে একটি ইজিবাইক কিনে নিজেই ভাড়ায় চালানো শুরু করেন তিনি।

এ থেকে উপার্জিত অর্থে নিজের পড়াশোনার খরচের পাশাপাশি চার সদস্যের সংসার চলছিলো বেশ। তবে প্রতারক চক্রের ফাঁদে পড়ে জীবিকার একমাত্র অবলম্বন ইজিবাইকটি হারিয়ে এখন চরম দুর্ভোগে পড়েছেন পলক মল্লিক।

ভুক্তভোগী পলক মল্লিক ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি এমইউ কলেজপাড়ার জয়দেব মল্লিকের ছেলে এবং এমইউ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পলক মল্লিক জানান, তার এক বোন রয়েছে। তার বিয়ে হয়ে গেছে। ফলে বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনার দায়িত্ব এখন তার ওপরই। তিনি মাধ্যমিকে পড়ার সময় তার বাবা-মা দুজনেই উপার্জন করতেন।

তখন সংসারে স্বচ্ছলতা ছিল। পরে তাদের উপার্জন বন্ধ হয়ে গেলে লেখাপড়ার পাশাপাশি তাকে কাজে নামতে হয়। জমিয়ে রাখা কিছু টাকা ও এনজিও থেকে ঋণ নিয়ে একটি ইজিবাইক কিনে নিজেই চালানো শুরু করেন।

পলক জানান, গত ৪ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তিন-চারজন যাত্রী নিয়ে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পরে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে যাত্রী লিটন আলী ইজিবাইকটি দাঁড় করাতে বলেন।

এ সময় অপর যাত্রী সবুজ শেখ ইজিবাইক থেকে নেমে যান। কিছুক্ষণ পর পলককে রাস্তার মোড় থেকে সবুজ শেখকে ডেকে আনতে বলেন লিটন। পলক তার কথামতো সবুজকে ডাকতে গেলে ফিরে এসে দেখেন, ঘটনাস্থলে তার ইজিবাইকটি নেই।

গত ২৩ জুলাই জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১১ জন চোর ও ছিনতাইকারী আটক হওয়ার খবর পেয়ে পলক ঝিনাইদহ থানায় যান। সেখানে আটক ব্যক্তিদের মধ্যে তার ইজিবাইক চুরির সঙ্গে জড়িত কুষ্টিয়া জেলার লিটন আলী ও সবুজ শেখকে শনাক্ত করতে পারেন তিনি।

পরে গত ২৯ আগস্ট ওই দুই ব্যক্তির নাম উল্লেখ করে সদর থানায় আরও একটি অভিযোগ দেন। কিন্তু অভিযোগের পরও পুলিশ তৎপরতা দেখাচ্ছে না বলে অভিযোগ পলকের। এখন পর্যন্ত তার ইজিবাইকটি উদ্ধার হয়নি।

পলকের মা রূপালী পাল জানান, ইজিবাইকটি হারিয়ে তাদের সংসারে চরম অভাব ও হতাশা দেখা দিয়েছে। বর্তমানে আয়ের আর কোনো উৎস না থাকায় তাদের কষ্টে দিন কাটছে। এর মধ্যে ঋণের কিস্তিও বকেয়া পড়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ইজিবাইক চুরির অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদও করেছে। ইজিবাইকটি উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)