অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনিসুর রহমান ওরফে আনিস (৪৫) নামে এক ওয়ার্ড বিএনপি নেতাকে আটক করেছে যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার নওয়াপাড়া গ্রামের ধোপাদীর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আনিসুর রহমান নওয়াপাড়া গ্রামের সামসুর রহমান গাজী ওরফে টুপি সামসুর ছেলে।
তিনি নওয়াপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ড বিএনপির ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে।
যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রাফিজা খাতুন জানান, গোপন তথ্যের ভিত্তিতে রোববার সকালে নওয়াপাড়া গ্রামের ধোপাদীর মোড় এলাকায় সামসুর রহমান গাজী ওরফে টুপি সামসুর বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় তার ছেলে আনিসুর রহমানকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। বিকেলে তার বিরুদ্ধে অভয়নগর থানায় নিয়মিত মামলা করা হয়।
নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা বলেন, আনিসুর রহমান ওয়ার্ড বিএনপির কোনো পদে আছেন কি না, তা এই মুহূর্তে বলতে পারছেন না।
তিনি বলেন, দলীয় পদে থাকলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ীর জায়গা হবে না।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনিসুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।
যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলাটি করেছে।