মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে জসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে; যিনি নূর মোহাম্মদ (৪৫) নামে এক ব্যক্তি হত্যা মামলার প্রধান আসামি।
শনিবার (১৪ নভেম্বর) ভোররাতে যশোরের চৌগাছা উপজেলার বুড়িন্দিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জসিম উদ্দিন মহেশপুর উপজেলার লুৎফর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহেশপুর উপজেলার পোড়াদহ মাঠে আর্থিক লেনদেন নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে নূর মোহাম্মদকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার জসিম উদ্দিনকে প্রধান আসামি করে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
ঘটনার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে চৌগাছার বুড়িন্দিয়া গ্রামে আসামির এক ভাগনির বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধারে অভিযান চলছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হবে।