দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
‘আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার দেবহাটায় হাঁটা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দেবহাটার ভাতশালায় অনিকেত আলাম ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ।
অনিকেত আলাম ফাউন্ডেশনের সভাপতি অনিকেত আলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ডেন্টিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হুসাইন, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. আশফাক উজ্জামান এবং থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্কের রিসার্চ ফেলো মারুফ বরকত।
আলোচনা সভায় বক্তারা ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত শারীরিক ব্যায়াম ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে হাঁটা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও পরামর্শ দেওয়া হয়।