পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা পৌরসভায় আধুনিক ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে নবস্থাপিত মনুষ্য বর্জ্য পরিশোধন প্লান্টের কার্যক্রম শুরু হয়েছে। পরিবেশবান্ধব এই উদ্যোগের মাধ্যমে পৌর এলাকায় টেকসই বর্জ্য ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে পৌরসভার আট নম্বর ওয়ার্ডে অবস্থিত প্লান্টের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় তিনি বর্জ্য সংগ্রহ, পরিবহন ও পরিশোধনের বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেপটিক ট্যাংক থেকে জমাকৃত মনুষ্য বর্জ্য বিশেষ যান 'ভেকুট্যাগ'-এর মাধ্যমে সংগ্রহ করে পরিশোধন প্লান্টে নেওয়া হচ্ছে। সেখানে আধুনিক পাইপলাইন ব্যবস্থার মাধ্যমে বর্জ্য পরিশোধন প্রক্রিয়ায় প্রবেশ করানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই প্লান্টে তিন ধাপের আধুনিক প্রক্রিয়ায় বর্জ্যকে দুর্গন্ধমুক্ত তরলে রূপান্তরিত করা হচ্ছে। পরিশোধিত এই তরল নির্ধারিত নিষ্কাশন লাইনের মাধ্যমে নিরাপদে প্রকৃতিতে অবমুক্ত করা হয়, যা পরিবেশ দূষণ রোধে কার্যকর ভূমিকা রাখছে।

পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমদ, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদারসহ ওয়াটার এইড (WaterAid) ও নবলোক-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, ‘পাইকগাছাকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ। এই প্লান্ট চালুর ফলে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে এবং অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার প্রবণতা কমবে।’
উল্লেখ্য, ওয়াটার এইড ও নবলোক-এর সহায়তায় ২০২৬ সালের জানুয়ারি মাসে এই প্লান্ট স্থাপনের কাজ শুরু হয়, যা বর্তমানে সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে।