সুবর্ণভূমি ডেস্ক
ভারতীয় বাহিনীর হাতে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, সীমান্তে লাশ মাড়িয়ে দুটো দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না।
শুক্রবার এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন আসিফ নজরুল।
পোস্টে তিনি লিখেছেন, ‘১৩ মে লালমনিরহাটে আমঝোল সীমান্তে খাদেমুল ইসলাম নামে বাংলাদেশের এক যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হন। নির্বাচিত হয়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সীমান্তে এমন হত্যাকাণ্ডের ঘটনা আরো ঘটেছে।
এসব হত্যাকাণ্ডের প্রতিবাদ করছি। আমি আগেও এনিয়ে লিখেছি, বলেছি। সরকারে থাকার সময়ও আমরা এসব হত্যাকাণ্ডের শক্ত প্রতিবাদ করতাম, কৈফিয়ত তলব করতাম, সীমান্তে আমাদের কঠোর অবস্থানও ছিল।
আমার বক্তব্য একটাই। সত্যি সত্যি অবৈধভাবে সীমান্ত পার হতে গেলে কাউকে গ্রেপ্তার করা যায়। প্রয়োজনে ফাঁকা গুলি করে ভয় দেখিয়ে থামানো যায়।
কিন্তু আমরা কোন গ্রেপ্তারের ঘটনা শুনি না, ফাঁকা গুলির ঘটনা ঘটে না, এমনকি গুলি লেগে আহত হওয়ার কথাও শুনি না। শুনি শুধু গুলিতে সরাসরি বাংলাদেশের মানুষের হত্যার ঘটনা। এটা কোন যুক্তিতেই মেনে নেওয়ার মতো না।
বিএনপি সরকারকে এই হত্যাযজ্ঞ বন্ধ করার ব্যবস্থা নিতে হবে। সীমান্তে লাশ মাড়িয়ে দুটো দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না।’