মানবাধিকার সংস্থা রাইটস যশোরের সভাপতি ও বিশিষ্ট দন্ত চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মোল্যার স্ত্রী আম্বিয়া খাতুন (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার ভোর সাড়ে তিনটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে পানি জমাসংক্রান্ত জটিলতায় ভুগছিলেন এবং ভোরে চিকিৎসাকালীন স্ট্রোক করে তার মৃত্যু হয়।
মঙ্গলবার দুপুরে তার মরদেহ যশোর শহরের ঘোপ জেল রোড বাইলেনের নিজ বাসভবন ‘মহিমা মহল’-এ আনা হলে স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
পরে মরদেহ বাগেরহাটের চিতলমারিতে মরহুমার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে আম্বিয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাইটস যশোর। সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকসহ নির্বাহী কমিটির সদস্যরা এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।