স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর যুবলীগের ক্যাডার চিমার বিরুদ্ধে জমি দখল সংক্রান্ত বিষয়ে আরেক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এবারের অভিযোগকারী নাজমুন নাহার মুক্তি।
এর আগে গত ১২ মে শরীফ আল আমিন শুভ নামে আরেক ব্যক্তি একই ধরনের অভিযোগ করেন। তিনি কোতয়ালী থানায় এই ব্যাপারে সাধারণ ডায়েরিও করেছেন।
বুধবার (১৩ মে) দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নাজমুন নাহার মুক্তি অভিযোগ করেন, স্থানীয় যুবলীগ নেতা হিসেবে পরিচিত সাবেক ইউপি সদস্য হাদিউজ্জামান চিমা ও তার পরিবারের সদস্যরা দীর্ঘ প্রায় অর্ধযুগ ধরে তার মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করে বসবাস করে আসছিলেন।
বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিকবার অভিযোগ দিয়েও প্রতিকার না পেয়ে তিনি আদালতে মামলা করেন এবং পরবর্তীতে হাউজিং কর্তৃপক্ষের হস্তক্ষেপে গত ১০ মে জমিটি উচ্ছেদ অভিযানের আওতায় দখলমুক্ত করা হয়।
তবে ভুক্তভোগীর দাবি, উচ্ছেদ অভিযান শেষে বিবাদীপক্ষের সুমাইয়া পুতুল, স্বপ্না, রাশেদ ও মোল্লাপাড়ার পাপ্পুসহ কয়েকজন তার বড় সন্তানকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।
এই ঘটনায় তিনি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি নম্বর ১০৬২)। নাজমুন নাহার মুক্তি আরও অভিযোগ করেন যে, অভিযুক্তরা সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভূমিদস্যুতার সঙ্গে জড়িত এবং জমি দখলমুক্ত হওয়ার পরও তারা পুনরায় সেখানে অবস্থান নিয়ে তাকে ভোগদখলে বাধা দিচ্ছে ও জাল দলিল তৈরি করে মামলা দিয়ে হয়রানি করছে।
সংবাদ সম্মেলনে তিনি নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা এবং সম্পত্তির সুরক্ষায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন তার বাবা তোফায়েল আহমেদ এবং প্রতিবেশী সিরাজ খাঁ ও আব্দুল্লাহ আল আজাদ।