পুলিশ সুপারের কাছে লিখিত আবেদনে
স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের অভয়নগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রায়হানের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অপমান ও গালিগালাজের অভিযোগে পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী এক নারী। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভুক্তভোগী ফাল্গুনী আকুঞ্জী শাম্মী যশোরের পুলিশ সুপারের কাছে এই প্রতিকার চেয়ে আবেদন জমা দেন।
অভিযোগকারী ফাল্গুনী আকুঞ্জী শাম্মী অভয়নগর উপজেলার গোয়াখোলা গ্রামের কাইজার উদ্দীন আকুঞ্জীর মেয়ে।
লিখিত অভিযোগে শাম্মী উল্লেখ করেন, গত ২৭ আগস্ট তাঁর স্বামী গাজী খালিদসহ (৬০) চারজনের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের তদন্তের দায়িত্ব পান এএসআই রায়হান। তদন্তের দায়িত্ব পাওয়ার পর ওই দিনই (২৭ আগস্ট) তদন্তকারী কর্মকর্তা উপজেলার প্রফেসর পাড়ার মোড়ে শাম্মীর সঙ্গে দেখা করেন। তিনি সঠিক বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এ সময় শাম্মী তাঁকে নগদ সাড়ে ৬ হাজার টাকা দেন এবং বাকি টাকা পরে দেওয়ার কথা জানান।
এরপর গত ২৮ সেপ্টেম্বর উভয় পক্ষকে নিয়ে থানায় সালিশের আয়োজন করেন এএসআই রায়হান। সেখানে অভিযোগকারী ও তাঁর সাক্ষীরা উপস্থিত হলে তাঁদের চরম অপমান ও গালিগালাজ করে থানা থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় সঠিক বিচার না পেয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন ফাল্গুনী আকুঞ্জী।
তবে ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করে এএসআই রায়হান জানান, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি কোনো টাকা নেননি। সুষ্ঠু তদন্ত হলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে কর্তৃপক্ষ যে শাস্তি দেবে, তা তিনি মেনে নিতে প্রস্তুত।