যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভারত থেকে ইলিশ আমদানি কেন

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর,২০২৬, ১২:০১ এ এম
ভারত থেকে ইলিশ আমদানি কেন

বাংলাদেশের বেনাপোল বন্দর দিয়ে গত দুই মাসে প্রায় সাত কোটি টাকা মূল্যের প্রায় সাড়ে তিন লাখ কেজির (৩৫০ টন) বেশি ইলিশ বাংলাদেশে আমদানি করেছে ১৯টি আমদানিকারক প্রতিষ্ঠান।

ভারত থেকে আরও ইলিশ বাংলাদেশের পথে রয়েছে বলে আমদানিকারক, কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং বা সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সাথে আলাপ করে জানা গেছে।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে যে ইলিশ আসছে সেগুলোর বেশিরভাগই ভারতের গুজরাট থেকে আসছে।

আবার দুর্গাপুজোর আগে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ইলিশ পাঠানো নিয়ে প্রতি বছরই কূটনৈতিক বিতর্ক হয়। কিন্তু এ বছর পদ্মার ইলিশের বদলে এখন পশ্চিমবঙ্গ থেকেই বাংলাদেশে যাচ্ছে বিপুল পরিমাণ গুজরাতি ইলিশ, পেট্রাপোল- বেনাপোল সীমান্তপথে।

পশ্চিমবঙ্গ চিল্ড ফিশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানিয়েছেন, গত প্রায় দু’মাসে পশ্চিমবঙ্গ হয়ে প্রায় পাঁচশ’ মেট্রিক টন ইলিশ বাংলাদেশে রপ্তানি হয়েছে। তার দাবি, রপ্তানি হওয়া এই ইলিশের প্রায় পুরোটাই গুজরাত থেকে আসছে।

ইলিশ গবেষক ড. আনিসুর রহমান বলছেন, নদী দূষণ, কারেন্ট জাল ব্যবহার করে জাটকা নিধন, বালু উত্তোলনসহ বিভিন্ন কারণে বাংলাদেশে জলসীমায় যথেষ্ট ইলিশ পাওয়া যাচ্ছে না বলে বাজারে ইলিশের সংকট তৈরি হয়েছে। সে কারণেই বিভিন্ন পথে ইলিশ আসছে বলে মনে করেন তিনি।

বাংলাদেশে প্রায় দুই দশক একনাগাড়ে ইলিশের উৎপাদন বৃদ্ধির পর হুট করেই গত তিন বছর ধরে ইলিশের উৎপাদন ক্রমাগত কমার পাশাপাশি মাছটির গড় ওজনও কমতে শুরু করেছিল, যা নিয়ে গবেষকরা উদ্বেগ প্রকাশ করে আসছিলেন।

এর মধ্যেই ভারত থেকে ইলিশ আমদানির খবরে রীতিমত তোলপাড় চলছে, পাশাপাশি কৌতূহলও তৈরি হয়েছে যে বাংলাদেশে এখন ইলিশের মৌসুম থাকা সত্ত্বেও কেন এই সময়ে ভারত থেকে ইলিশ আমদানি করা হচ্ছে।

এ কৌতূহল বা প্রশ্নের মূল কারণ হলো ২০১৮ সালে বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মাছটির পূর্ণাঙ্গ জীবনরহস্য উন্মোচনের কৃতিত্ব অর্জনের পর আশা করা হয়েছিল যে বাংলাদেশে ইলিশের সংরক্ষণ, উৎপাদন ও গুণগত মানের ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জিত হবে।

কিন্তু এখন বাংলাদেশ শুধু আমদানি করছে তা নয়। গত অর্থবছরে ইলিশ রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে চরম ব্যর্থ হয়েছে বাংলাদেশ। কর্মকর্তারা বলছেন, ১২শ’ টন রপ্তানির লক্ষ্য নিয়ে বাংলাদেশ সেবার ১১০ টনেরও কম ইলিশ পাঠিয়েছে।

যদিও ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য ছয় বছর মেয়াদি প্রকল্প ২০২০ সালে নেওয়া হয়েছিল। কিন্তু সেটি কতটা কার্যকর হয়েছে এখন সেই প্রশ্নও তুলেছেন মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক নিজেও।

‘ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য চারশ’ কোটি টাকার প্রকল্প ছিল। গত সরকারের সময়ে সেটি কতটা কাজে লাগল কিংবা গাফিলতি ছিল কি-না সবকিছু খতিয়ে দেখতে হবে। ইলিশ উৎপাদন কমলো কেন সেটি বের করতে হবে,’ বলছিলেন তিনি।

যদিও মৎস্য বিভাগের কর্মকর্তা ও আমদানিকারকদের কয়েকজনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভারত থেকে আসা ইলিশের সর্বোচ্চ ক্রয়মূল্য পড়ে দুই ডলার (প্রায় ২৪৬ টাকা) কিংবা তারও কম। এরপর দেশে কাস্টমসসহ নানা শুল্কসহ বিভিন্ন ব্যয় শেষে এর যা দাম পড়ে তা বাংলাদেশের বাজারের একই ওজনের একটি ইলিশের চেয়ে অনেক কম।

মৎস্য গবেষণা ইন্সটিটিউটের তথ্যানুযায়ী দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ১২ শতাংশ আসে ইলিশ থেকে। এছাড়া পৃথিবীর মোট ইলিশের প্রায় ৬০ ভাগ উৎপন্ন হয় বাংলাদেশে। এখন বিশ্বে উৎপাদিত মোট ইলিশের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশই বাংলাদেশে হয় বলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দাবি করে থাকে।

কর্মকর্তারা বলছেন, ২০২২-২৩ অর্থবছরে ৫ লাখ ৭১ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছিল। পরের বছর ২০২৩-২৪ সময়ে উৎপাদন হয় ৫ লাখ ২৯ হাজার মেট্রিক টন আর ২০২৪-২৫ অর্থ বছরে উৎপাদন হয়েছে ৫ লাখ ৪ হাজার মেট্রিক টন।

আবার ২০২৫-২৬ অর্থবছরের আনুষ্ঠানিক হিসেব না পাওয়া গেলেও কর্মকর্তারা যে ধারণা দিয়েছেন তাতে উৎপাদন হয়েছে ৫ লাখ টনেরও কম।

ইলিশ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ড. আনিসুর রহমান বলছেন, ইলিশের এমন পরিস্থিতি হবার কারণগুলো চিহ্নিত করে সরকারের উচিত দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া। তার ধারণা, সাগর থেকে নদীতে আসার পথ অর্থাৎ ইলিশের মাইগ্রেটরি রুট ক্ষতিগ্রস্ত হওয়াও এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। ‘নানা ধরনের ক্ষতিকর উপায়ে মাছ ধরা এবং কীটনাশক ব্যবহারও ইলিশের প্রজনন ও বেড়ে ওঠার স্থানকে হুমকির মুখে ফেলেছে’- বলেছেন তিনি।

গুজরাতে ইলিশের বিপুল জোগান

এ বছর গুজরাতে ইলিশের বিপুল জোগান হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মাছ রপ্তানিকারক সৈয়দ আনোয়ার মাকসুদ। ফলে, সেখানে মাছের উদ্বৃত্ত জোগান তৈরি হয়েছে এবং দামও কমেছে।

তার বক্তব্য, বাংলাদেশে শুধু ইলিশই নয়, ইলিশের ডিমেরও বড় চাহিদা রয়েছে। আর গুজরাত থেকে আসা ইলিশে প্রচুর পরিমাণে ডিম পাওয়া যাচ্ছে।

‘বাংলাদেশে ক্রেতারা ডিমসহ বড় আকারের ইলিশ পছন্দ করেন। আবার সেখানকার কারখানাগুলিতে ইলিশের ডিম প্রসেসিং, প্যাকেজিং করে আমেরিকা ও ব্রিটেনের মতো দেশে আন্তর্জাতিক বাজারে রপ্তানিও করা হয়। গুজরাতের ইলিশ আকারে বড় এবং ডিমে ভরা থাকে। ফলে, বাংলাদেশে ইলিশ এবং ইলিশের ডিম, দু’টিরই বড় চাহিদা রয়েছে, যা গুজরাতের মাছ দিয়ে আমরা মেটাতে পারছি।’

মাকসুদের মতে, এখন ইলিশের এই বাণিজ্যিক পথটি মূলত গুজরাতের ভারুচ থেকে পশ্চিমবঙ্গের হাওড়ার পাইকারি বাজার হয়ে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত পর্যন্ত বিস্তৃত।

ভারুচের ভাদভূতের কাছে মাছ ব্যবসায়ীদের সংগঠনের সভাপতি চিমন ট্যান্ডেল বলেন, গত পাঁচ বছর ধরে ইলিশের উৎপাদন খুবই ভালো হয়েছে। মূলত পশ্চিমবঙ্গেই এই মাছ পাঠানো হয়, সেখান থেকে তা বাংলাদেশেও রপ্তানি করা হয়।

তিনি বলেন, গুজরাত থেকে পাঠানো ইলিশের সবচেয়ে বেশি চাহিদা পশ্চিমবঙ্গেই। ভাদভূত থেকেও রেফ্রিজারেটেড ট্রাকে সরাসরি বাংলাদেশে মাছ পাঠানো হয়। পরিমাণ কম হলে ট্রেনের কনটেনারে পাঠানো হয়, তবে, সাধারণত পরিমাণ বেশি হলে ট্রাকই ব্যবহার করা হয়।

তার মতে, প্রতিদিন ভারুচ থেকে তিনটি ট্রাক ছাড়ে, প্রতিটিতে গড়ে ২৫০টি বাক্স থাকে। প্রতি বাক্সে থাকে ৬০ কেজি ইলিশ।

সূত্র: বিবিসি

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)