কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর এলাকায় অবস্থিত ‘শর্না ফুড প্রোডাক্টস’ নামের একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের।
এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা সুজন সরকার, কালীগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. আলমগীর কবিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ তারিখ, সঠিক লেবেল বা মোড়ক ছাড়া প্যাকেটে ময়দা উৎপাদন এবং খাদ্য উৎপাদনে বিষাক্ত পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।