মাগুরা প্রতিনিধি
মাগুরায় এক আবাসিক গ্রাহকের নামে ইস্যু করা ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার বিদ্যুৎ বিল নিয়ে তোলপাড়ের পর মন্ত্রীর ফোনে দ্রুত সংশোধন করা হয়েছে বিলটি।
মঙ্গলবার সংশোধিত হিসেবে গ্রাহকের হাতে দেওয়া হয়েছে প্রকৃত বিল, যা মাত্র এক হাজার ৯৬৩ টাকার। ওই গ্রাহক ইতোমধ্যে তা পরিশোধও করে দিয়েছেন। অস্বাভাবিক এই বিলের ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজারসহ (ডিজিএম) চারজনকে শো-কজ করা হয়েছে।
এর আগে ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ওই গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল ইস্যু করা হয়।
বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বুধবার সকালে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সংশ্লিষ্ট গ্রাহক মোছা. আলেয়া খাতুনকে ফোন করে দুঃখ প্রকাশ করেন। মন্ত্রীর ফোনের কিছুক্ষণ পরই সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
মঙ্গলবার বিলটি সংশোধন করে এক হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়। সংশোধিত বিলটি গ্রাহক ব্যাংকে জমা দেন। এ ঘটনায় দায়িত্বে থাকা কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে ডিজিএমসহ চারজনকে শো-কজ করা হয়েছে।