জিয়াউস সাদাত
, খুলনা অফিস
আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা, সহায়ক জলযান সংগ্রহ, পশুর চ্যানেলের ইনার বারে ড্রেজিং এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে মোংলা বন্দরকে একটি পূর্ণাঙ্গ 'স্মার্ট' বন্দরে রূপান্তরের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনার খালিশপুরের পোর্ট অডিটোরিয়ামে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান মোংলা বন্দর কর্তৃপক্ষের (মবক) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা।
চেয়ারম্যান জানান, ২০২৭ থেকে ২০৫০ সাল পর্যন্ত মেয়াদি দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান হাতে নেওয়া হয়েছে। দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে বন্দরটির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে দুটি নতুন কনটেইনার টার্মিনাল, ডেঞ্জারাস কার্গো ইয়ার্ড স্থাপন এবং ডিজিটাল পোর্ট অপারেটিং সিস্টেম চালুর প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, ১ কোটি ২২ লাখ ৫১ হাজার মেট্রিক টন কার্গো, ২৯ হাজার ৭১৪ টিইইউস কনটেইনার এবং ১২ হাজার ৭৫টি রিকন্ডিশন্ড গাড়ি হ্যান্ডলিংয়ের মাধ্যমে ২০২৫–২০২৬ অর্থবছর শেষে বন্দরের মোট রাজস্ব আয় দাঁড়িয়েছে ৩৮৭ কোটি ৯৫ লাখ টাকা—যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৪০ কোটি ৮২ লাখ টাকা বেশি।
বন্দর ব্যবহারকারীদের সুবিধা নিশ্চিত করতে ওয়ানস্টপ সেবা অনলাইনে আনা হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে 'ই-পেপার সার্ভিস' আনুষ্ঠানিকভাবে চালু হবে। তা ছাড়া জেটিতে জাহাজের ড্রাফট সুবিধা ৭.৫ মিটার থেকে বাড়িয়ে ৯.৫ মিটারে উন্নীত করতে ইনার বারে ড্রেজিং কাজ চলমান রয়েছে।
মতবিনিময় সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) প্রকৌশলী শেখ শওকত আলী, প্রধান নিরাপত্তা কর্মকর্তা কমান্ডার এস এম আফজালুল ইসলাম, পরিচালক (বোর্ড) কালাচাঁদ সিংহ, হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম ও উপপরিচালক (জনসংযোগ) মো. সালাহ্ উদ্দিন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।