কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রয়াত দুই সাংবাদিক শেখ নজরুল ইসলাম ও খন্দকার শামসুজ্জামানের স্মরণে ঝিনাইদহের কোটচাঁদপুর প্রেসক্লাবে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ক্লাব মিলনায়তনে এই সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি কাজী মৃদুল সভায় সভাপতিত্ব করেন।
ক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর খানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক খায়রুল ইসলাম সাথী, কামাল হাওলাদার, বিএম ওয়াদুদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি খন্দকার আব্দুল্লাহ বাশার, সাবেক সভাপতি মঈন উদ্দিন খান, রফিক মন্ডল, শাহ জামাল, সুব্রত কুমারসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
স্মরণসভায় বক্তারা প্রয়াত সাংবাদিক শেখ নজরুল ইসলাম ও খন্দকার শামসুজ্জামানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, স্থানীয় সাংবাদিকতা ও গণমাধ্যমের বিকাশে প্রয়াত দুই সাংবাদিকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের কর্ম, সততা ও পেশাগত নিষ্ঠা সহকর্মী ও নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
বক্তারা প্রয়াত সাংবাদিকদের বিদেহী আত্মার শান্তি কামনা করে তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। সভা শেষে মরহুম সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাত পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ।