স্টাফ রিপোর্টার
, যশোর
সাত বছর বয়সের রায়হান। কবি কাজী নজরুল ইসলামের অমর কবিতা ‘বিদ্রোহী’ প্রথম ৩০ লাইন আবৃত্তি শেষ করতেই সবাই করতালি দিলো। সাত বছর বয়সে ‘বিদ্রোহী’র মতো কবিতা থেকে প্রথম ৩০ লাইন মুখস্ত করে আবৃত্তি করায় সবাই প্রশাংসা করে তাকে। শুক্রবার বিকেলে যশোর ইন্সটিটিউটের টাউনহল ময়দানে নজরুলবর্ষ উদযাপনে ভবেরহাট সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে সে ‘বিদ্রোহী’ কবিতাটির অংশ বিশেষ আবৃত্তি করে।
সাংস্কৃতিক সংগঠন ভবের হাটের সদস্য সোহানূর রহমানের উপস্থাপনায় ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমাদের দেশের মাটি’ দেশাত্মবোধক গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ‘চল চল চল’, ‘কারার ওই লোহার কপাট’ ও ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’ গানগুলো ভবের হাট শিল্পীরা সমবেতভাবে পরিবেশন করেন। এরপর বৈশাখীর একক অভিনয় দর্শকের মন কাড়ে। কবি নজরুল ইসলামের ঝিলিমিলি নাটকের অংশবিশেষে তিনি একক অভিনয় করেন।
রায়হান, মহিয়া, দীঘি, শ্রাবন্তী, নিতু শীল, সংগঠনের সভাপতি রিপা রায়, সাধারণ সম্পাদক বিকাশ শীলের গান শেষে দর্শকরা হাত তালি দিয়ে ভরিয়ে তোলে। এছাড়া ‘আমি বনফুল গো’ ও ‘বাগিচায় বুলবুল তুই ফুলশাখাতে দিসনে আজি দোল’ গানের তালে দীঘি ও রায়হানের নৃত্য আলোর ঝলকানিতে ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানের উপস্থাপক সোহানুর রহমান জানান, সাংস্কৃতিক সংগঠন ভবেরহাটের উদ্যোগে রবীন্দ্র, নজরুলের জন্ম-মৃত্যুবার্ষিকী, বাংলা নববর্ষ উদযাপন, বিভিন্ন জাতীয় দিবস যথাযথভাবে উদযাপন করা হয়।