ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ পৌর শহরের পাগলাকানাই এলাকার ভাড়া বাসা থেকে বুধবার (১৩ মে) সকালে খুশি খাতুন নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
খুশি খাতুনের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তিনি হোটেল শ্রমিক ছিলেন বলে জানা যায়।
স্থানীয়রা জানান, খুশি খাতুন এক সপ্তাহ আগে পাগলাকানাই এলাকায় সায়াদাতিয়া সড়কের পাশে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।
মঙ্গলবার (১২ মে) রাতে হোটেলের কাজ শেষে তার স্বামী পরিচয়ে এক ব্যক্তির সাথে ওই বাড়িতে আসেন।
বুধবার সকালে ঘরের এক পাশের দরজা বন্ধ পেয়ে প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করতে থাকেন। এক পর্যায়ে পিছনের দরজা খোলা দেখে তারা ঘরের ভিতরে প্রবেশ করে খুশির লাশ মেঝোতে পড়ে থাকতে দেখেন।
তার গলায় ফাঁস লাগানো আকৃতির দাগ রয়েছে। লাশের পাশেই ওড়না পাওয়া গেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । মৃত্যুর কারণ উদ্ধারে তদন্ত শুরু করেছে পুলিশ।