আসামিপক্ষের হুমকির অভিযোগ
মাগুরা প্রতিনিধি
মাগুরায় পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার যুবদল নেতা শাকের হোসেনের হত্যার বিচার এবং আসামিপক্ষের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নিহত শাকেরের পারনান্দুয়ালী গ্রামের বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শাকেরের স্ত্রী শারমিন নাহার ও পরিবারের সদস্যরা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী গ্রেপ্তারকৃত আসামি মারুফের ভাই জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আলী হোসেন তাদের নানাভাবে হুমকি দিচ্ছেন। এ বিষয়ে তারা পুলিশ প্রশাসনকে জানিয়েছেন।
হত্যাকাণ্ডের ২০ দিন পার হলেও পুলিশ এখনো সরাসরি গুলি করার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি। তারা অবিলম্বে জড়িতদের আটক ও দ্রুত বিচারের দাবি জানান।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, আসামিপক্ষের হুমকির বিষয়ে লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। বাকি জড়িতদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর মাগুরার রামনগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসে পুলিশ পরিচয় দিয়ে মানিকগঞ্জের এক ব্যক্তির কাছ থেকে ১৪টি সোনার বার লুট করা হয়। ওই ডাকাতিতে পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মারুফ হোসেন ও পৌর যুবদলের যুগ্ম সম্পাদক শাকের হোসেনসহ একটি দল অংশ নেয়। লুণ্ঠিত সোনা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে মারুফ ২০ লাখ টাকার বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে গত ২১ অক্টোবর ভোরে শাকেরকে গুলি করে হত্যা করায়।
এ ঘটনায় মাগুরা থানায় ডাকাতি ও হত্যা মামলা দায়ের হলে তদন্তে নামে পুলিশ। এখন পর্যন্ত দুটি মামলায় মূল পরিকল্পনাকারী মারুফ হোসেন ও গোলাম জাহিদসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬১ ভরি ছয় আনা সোনা, দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।