স্টাফ রিপোর্টার
, যশোর
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের মণিরামপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
স্থানীয় বিএনপি নেতা কিসমত আলী মোড়লের সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইমামুল ইসলাম লাল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি (ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী) জি এম মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিক এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাস্টার হুমায়ূন কবির মিন্টু, প্রকাশ কাঞ্জিলাল ও আলী শাহ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশ ও দলের প্রতি তার অবদান এবং গণতান্ত্রিক আন্দোলনে তার সাহসী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় আজিজুর রহমান, ফেরদৌসী আলী ও আয়ুব আলীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জিয়াউর রহমান।