কুষ্টিয়া প্রতিনিধি
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে কাজ শুরু করেছে যৌথ তদন্ত কমিটি। জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে গঠিত এই কমিটি ঘটনাস্থল পরিদর্শন ও সাক্ষ্য গ্রহণ করছে।
এদিকে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়নি বলে তদন্ত কমিটির কাছে জবানবন্দি দিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার তোজাম্মেল হক। তার মতে, আগুন লাগার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে তদন্ত কমিটির সদস্যরা নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া পুরোনো পারিবারিক বাড়িটি পরিদর্শন করেন। এ সময় তারা প্রত্যক্ষদর্শীদের বয়ান লিপিবদ্ধ করেন।
জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের এই কমিটি গঠন করেছে। কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলামকে আহ্বায়ক এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন। তিন কর্মদিবসের মধ্যে কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, ‘আজ থেকেই আমাদের আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে। আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। খুব দ্রুত কাজ শেষ করে প্রতিবেদন জমা দেব।’
শুক্রবার বিকেলে তদন্ত কমিটির কাছে জবানবন্দি দেন কুষ্টিয়া পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার তোজাম্মেল হক। তিনি জানান, ঘটনার পরপরই রাতেই তিনি ওই বাড়িতে গিয়েছিলেন। সেখানে বাড়ির বৈদ্যুতিক মিটারটি অক্ষত অবস্থায় পান। এমনকি যে ট্রান্সফরমার থেকে বাড়িটিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, সেটির সার্কিট ফিউজও অক্ষত ছিল।
তোজাম্মেল হক বলেন, ‘শর্ট সার্কিট থেকে আগুন লাগলে বৈদ্যুতিক মিটার কিংবা ট্রান্সফরমারের ফিউজ পুড়ে যাওয়ার কথা। কিন্তু এখানে কোনোটিই ক্ষতিগ্রস্ত হয়নি। তাই আমাদের পর্যবেক্ষণে শর্ট সার্কিট থেকে আগুন লাগার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। অন্য কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।’
অন্যদিকে, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা দাবি করে বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ তুলেছেন। তবে প্রশাসন জানিয়েছে, তদন্ত শেষেই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিসহ বিভিন্ন সরকারি সংস্থার সহায়তা নিয়ে কাজ করছি। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের দুটি টিম মাঠে কাজ করছে।’
তিনি আরও বলেন, তদন্ত কমিটির মূল লক্ষ্য সত্য উদ্ঘাটন করা এবং এটি কোনোভাবেই প্রভাবিত হওয়ার সুযোগ নেই।