মাগুরা প্রতিনিধি
মাগুরায় বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুনের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে মাগুরা শহরতলির পারলা গ্রামে প্রয়াত এই কবির গড়া শিশু পার্ক প্রাঙ্গণে সপ্তক সাহিত্য চক্র এ সভার আয়োজন করে।
সপ্তক সাহিত্য চক্রের সভাপতি বিকাশ মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, কবি এম এ হাকিম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সপ্তক সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক কবি শিকদার ওলিউজ্জামান, কবি সুদেব চক্রবর্তী, মাজহারুল ইসলাম লিপু, কবি দীপক চক্রবর্তী ও প্রয়াত কবির ছেলে সাজ্জাদুল ইসলাম বিপু প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া শোক প্রস্তাব গ্রহণ, পরিবারের সদস্যদের হাতে শোকবার্তা হস্তান্তর এবং কবির স্মরণে প্রকাশিত ‘স্মৃতির আয়নায়’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি উপস্থিত কবি ও সাহিত্যিকরা রোকেয়া খাতুনের রচিত কবিতা ও ছড়া আবৃত্তি করেন।

উল্লেখ্য, সাহিত্য অঙ্গনে ছড়াকার রোকেয়া খাতুনের বিশেষ পরিচিতি ছিল। ব্যক্তিজীবনে তিনি ছিলেন প্রাণবন্ত ও অসাম্প্রদায়িক চেতনার একজন মহীয়সী নারী। নানা প্রতিকূলতা জয় করে তিনি আজীবন নিজের স্বপ্ন ও সাহিত্যচর্চাকে লালন করেছেন।
শিশুদের প্রতি অপরিসীম ভালোবাসা থেকে নিজ বাড়ির পাশে তিনি একটি শিশু পার্ক গড়ে তোলেন। তার স্বপ্ন ছিল, এই পার্কে কবিদের মিলনমেলা বসবে এবং শিশুরা আনন্দ-উৎসবে মেতে উঠবে।
তার প্রকাশিত বইগুলোর মধ্যে ‘ছড়ায় ছড়ায় পড়া’, ‘সবুজের স্বপ্ন’ ও ‘নকশিকাঁথার ফুল’ পাঠকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল। উল্লেখ্য, বিশিষ্ট এই ছড়াকার গত ১১ অক্টোবর দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।