কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় ড্রাম ট্রাকের চাপায় মুন্না (১৯) নামে এক শ্যালো ইঞ্জিনচালিত করিমনচালক নিহত হয়েছেন।
২৭ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বিলজানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্না চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুন্না করিমন নিয়ে রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে বিলজানি বাজার এলাকায় পৌঁছালে কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির ড্রাম ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২১৩৯) তার করিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মুন্নার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।