স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২০২৬ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১ অক্টোবর। এই প্রক্রিয়া চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর নিবন্ধন সম্পন্ন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
যশোর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মু. এনামুল কবীর জানান, বোর্ড চেয়ারম্যানের নির্দেশক্রমে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ইতোমধ্যে জারি করা হয়েছে।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই নিবন্ধন করা বাধ্যতামূলক এবং প্রতি বছরই এটি সম্পন্ন করতে হবে।
তিনি আরও জানান, নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর কোনো অবস্থাতেই নিবন্ধনের সময় আর বৃদ্ধি করা হবে না। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তাদের শিক্ষার্থীদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।