বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেছেন, বিএনপিকে আরও শক্তিশালী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। বিগত সময়ে অনেক অত্যাচার, জেল-জুলুমের শিকার হতে হয়েছে। এখন নিজেরা ঝগড়াঝাটি করলে সংগঠন দুর্বল হবে। এর সুবিধা নেবে ষড়যন্ত্রকারীরা।
সোমবার বিকেলে যশোরের বাঘারপাড়ায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক ও যশোর-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য সুলতানা আহমেদ বলেন, বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়েছে। এগুলো মোকাবেলা করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এ সভায় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে চলেছেন। দেশের উন্নয়নে আপনাদেরও পরিশ্রম করতে হবে।
অবহেলিত বাঘারপাড়ার যেখানে উন্নয়ন দরকার, সেখানেই কাজ করা হবে বলে মতবিনিময় সভায় ঘোষণা করেন সংরক্ষিত মহিলা আসনের এ সংসদ সদস্য।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি।
উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুর রহমান, পৌর কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, হাবিবুর রহমান, উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহমেদ, আনিচুর রহমান, খয়বার হোসেন মোল্লা, মনিরুজ্জামান তপন, মোস্তফা শিকদার, চৌরাস্তা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম রেজা, ছাত্রদলের মাসুম পারভেজসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।