মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে ওহিদুল ইসলাম (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার নওদা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওহিদুল ইসলাম ওই গ্রামের মোস্তফা হোসেনের ছেলে।
পুলিশ জানায়, রোববার দুপুরে ওহিদুল ইসলাম নিজের ড্রাগন ফল বাগানে কাজ করতে যান। বাগান সুরক্ষায় দেওয়া নেটে পেঁচিয়ে থাকা একটি সাপ দেখতে না পেয়ে তিনি কাজ করছিলেন। এ সময় সাপটি তার পায়ে ছোবল মারে। বিষয়টি টের পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফেরেন।
স্বজনরা জানান, সাপে ছোবল মারার পর পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে না নিয়ে স্থানীয় এক ওঝার কাছে নেন। ওঝার ঝাড়ফুঁকের একপর্যায়ে ওহিদুলের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান সাপের ছোবলে এক কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।