যশোর, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেসিসির ১৩টি ওয়ার্ডকে স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা

খুলনা অফিস

প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৪৮ পিএম
আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ০৯:২৫ পিএম
কেসিসির ১৩টি ওয়ার্ডকে স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা

খুলনা সিটি কর্পোরেশনের ১২টি ওয়ার্ডকে বাল্যবিবাহমুক্ত, আটটিকে শিশুশ্রমমুক্ত এবং ১৩টিকে স্কুলবহির্ভূত শিশুমুক্ত ওয়ার্ড ঘোষণা করা হয়েছে।

রোববার খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর সিএসএস আভা সেন্টারে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ১ ও ২ এর আওতায় বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ৪, ৫, ৬, ১৫, ১৭, ১৮, ১৯, ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডকে বাল্যবিবাহমুক্ত; ২, ৪, ৯, ১৪, ১৮, ২০, ২৮ ও ৩০ নম্বর ওয়ার্ডকে শিশুশ্রম মুক্ত এবং ৪, ৮, ৯, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৮, ২৫, ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডকে স্কুলবহির্ভূত শিশুমুক্ত ওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, খুলনা মহানগরীর ২, ৪, ৯, ১৪, ১৮, ২০, ২৮ ও ৩০ নম্বর ওয়ার্ডে শিশুশ্রমে যুক্ত ১২৯ জন শিশু; ৪, ৫, ৬, ১৫, ১৭, ১৮, ১৯, ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডে বাল্যবিবাহ ঝুঁকিতে রয়েছে ৫৪২ জন শিশু এবং ৪, ৮, ৯,১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৮, ২৫, ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুর সংখ্যা রয়েছে ২৭৩ জন।

অনুষ্ঠানে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘খুলনা মহানগরীকে একটি নিরাপদ নগর হিসেবে গড়ে তুলতে চাই। আর এ কাজে সফল হতে হলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নেওয়ার ব্যবস্থা করা অনেক গুরুত্বপূর্ণ। এ কাজে যে কয়টি প্রতিষ্ঠান আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করছে তার মধ্যে ওয়ার্ল্ডভিশন ভালো কাজ করছে।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী গতানুগতিক ধারার বাইরে নতুন কিছু করার পরামর্শ দিয়েছেন। পরামর্শ অনুযায়ী খুলনায় একটি বিজ্ঞানবিষয়ক পার্ক ও নভোথিয়েটার নির্মাণের জন্য টেক্সটাইল মিলের অব্যবহৃত জমি ব্যবহারের জন্য পত্র পাঠানো হয়েছে। এছাড়া ২১টি মাঠ ও ছোট ফুটসাল নির্মাণের জন্য তালিকা প্রেরণ করা হয়েছে। খুব শিগগির এগুলোর বাস্তবায়ন শুরু হবে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে শিশুদের মোবাইল আসক্তি ও কিশোরদের মাদকাসক্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রকল্পের এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসার সুরভী বিশ্বাস সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, এশিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, খুলনার অধ্যক্ষ সাইফুল ইসলাম, সিএসএস-এর পরিচালক (শিক্ষা) ডেভিড থমাস গোমেজ, থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহানাজ বেগম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের সহকারী পরিচালক শাহিনুর রহমান এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের পক্ষে এসআই শাহানারা খাতুন শানু।

কেসিসির ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)