খুলনা অফিস
সড়ক দূর্ঘটনায় খুলনা জেলার দিঘলিয়া থানার আমবাড়িয়া এলাকায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের শিহাব শেখের স্ত্রী ফারজানা (২২), শ্যালিকা রুবিয়া (২০) এবং তার ২২ মাস বয়সী শিশু কন্যা।
তবে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শিহাব শেখ প্রাণে বেঁচে গেছেন। তিনি সুস্থ রয়েছেন।
দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্রপ্রকাশ দাস খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, খুলনা-কালিয়া সড়কে একই মোটরসাইকেলে থাকা তিনজন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ জানায়, শিহাব নামে এক ব্যক্তি মোটরসাইকেলে স্ত্রী, শ্যালিকা ও শিশুকন্যাকে নিয়ে খুলনা থেকে কালিয়ার উদ্দেেশ রওনা হন। রাত সাড়ে ৯টার দিকে দিঘলিয়া থানার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ মোটরসাইকেলে থাকা দুই নারী নিহত হন। ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।