স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সদর উপজেলার কচুয়া এলাকায় এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে তামিম হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কচুয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক তামিম ওই গ্রামের মোল্লাপাড়ার সাইফুল মোল্লার ছেলে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ মে দুপুরে কচুয়া হাতেমপাড়া এলাকায় ভুক্তভোগী কিশোরীর বাড়িতে যান প্রতিবেশী তামিম হোসেন। ওই সময় কিশোরীর মা বারান্দায় কাঁথা সেলাই করছিলেন।
তামিম কৌশলে তাকে চানাচুর খেতে দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর কিশোরীর মা বাড়ির গরু আনতে মাঠে গেলে, সেই সুযোগে তামিম ঘরের ভেতরে ঢুকে কিশোরীকে কুপ্রস্তাব দেন।
কিশোরী রাজি না হলে তিনি তাকে জাপটে ধরে শ্লীলতাহানি করেন। কিশোরীর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তামিম পালিয়ে যান।
ভুক্তভোগীর পরিবার জানায়, ওই দিন বিকেলে শ্লীলতাহানির বিষয়টি নিয়ে তামিমের কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
একপর্যায়ে তামিম ও তার সহযোগী একই গ্রামের আব্দুল হাই, দেলোয়ার মেম্বর ও ওয়াদুদ কিশোরীর মা ও ভাইকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে জখম করেন এবং প্রাণনাশের হুমকি দেন। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল থেকে কিছুটা সুস্থ হয়ে কিশোরীর মা বাদী হয়ে কোতোয়ালি থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি তামিমকে আটক করে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।