সুবর্ণভূমি ডেস্ক
যশোরের শার্শায় প্রায় সাড়ে সাত কোটি টাকা দামের ২৬টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মো. রিপন (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
উদ্ধার সোনার ওজন তিন কেজি ৪০০ গ্রাম, যার বাজারমূল্য সাত কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।
মঙ্গলবার দুপুরে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের বাবু মার্কেট ও বিগ বাজারের সামনে অভিযান চালিয়ে এসব সোনার বার উদ্ধার করা হয়।
রাতে খুলনা বিজিবি ২১ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আটক রিপন শার্শার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বিজিবির দাবি, তিনি সোনা চোরাচালানের সঙ্গে জড়িত।
বিজিবি জানায়, সোনার বারের পাশাপাশি দুটি মোটরসাইকেল, দুটি মোবাইলফোন ও একটি স্মার্টওয়াচ জব্দ করা হয়েছে। জব্দ করা সব মালামালের সিজার মূল্য সাত কোটি ৭২ লাখ সাত হাজার ৬৯০ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা বাগআঁচড়া বাজার এলাকায় সন্দেহভাজন দুটি মোটরসাইকেলে তল্লাশি চালায়। তখন মোটরসাইকেল দুটির ভেতর থেকে ২৬টি সোনার বার উদ্ধার করা হয়।
খুলনা বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে ক নাফিজ ইমতিয়াজ আহসান জানান, উদ্ধার সোনার বার যশোর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। জব্দ করা মালামালসহ আটক ব্যক্তিকে শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান।