ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় জমজমাট ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে শংকরপুর ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঝিকরগাছা সদর ইউনিয়ন ফুটবল একাদশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ঝিকরগাছার বিএম হাইস্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে দারুণ উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় দলই গোলের একাধিক সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে কেউ জালের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে ঝিকরগাছা সদর ইউনিয়ন একাদশের ৯ নম্বর জার্সিধারী ঘানার খেলোয়াড় সেলিম রেজা দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে নেন। এরপর গোল পরিশোধে শংকরপুর ইউনিয়ন একাদশ মরিয়া চেষ্টা চালালেও সফল হয়নি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সদর ইউনিয়ন দল।
ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি খোরশেদ আলম, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, সহসভাপতি আলহাজ ইয়াউর রহমান, ক্রীড়া সম্পাদক মোস্তাফিজ রহমান মুন্না, শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক বাবলু, ঝিকরগাছা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি দাউদ হোসেন, সাধারণ সম্পাদক আয়ুব হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু মুসা মিন্টু এবং ঝিকরগাছা ইউনিয়ন দলের কোচ সবুজ হোসেন।
এ ছাড়া সদর ইউনিয়ন দলের টিম ম্যানেজার ও ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক তরিকুল ইসলাম, পরিচালক তৌহিদুল ইসলাম রাজু, কোষাধ্যক্ষ মশিয়ার রহমান মশিসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন ইউনিয়নের ক্রীড়াপ্রেমী দর্শক-সমর্থকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শতাধিক সাবেক খেলোয়াড়কে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। সফলভাবে টুর্নামেন্ট আয়োজন করায় ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা। পরে সন্ধ্যায় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।