দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত চার দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উপজেলা প্রশাসনকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দেবহাটা থানা দল।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় একমাত্র গোলটি করে দেবহাটা থানা দল জয় নিশ্চিত করে।
খেলায় উপজেলা প্রশাসন দলের অধিনায়ক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। অপরদিকে দেবহাটা থানা দলের অধিনায়ক ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইস্তিয়াক আহমেদ অপু, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমসহ উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ সোহেল রানা, সিরিজ জয় করেন জামিরুল হক।
চার দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা উপজেলা প্রশাসন, দেবহাটা থানা, জনপ্রতিনিধি ও সাংবাদিক একাদশ অংশ নেয়। এতে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে উপজেলা প্রশাসন ও থানা দল।