মাগুরা প্রতিনিধি
হৃদরোগ, স্ট্রোকসহ অন্যান্য অসংক্রামক রোগে মৃত্যুহার কমানো এবং উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে মাগুরায় জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকালে মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) প্রোগ্রাম এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলার সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডা. শামীম জুবায়ের।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় প্রোগ্রাম অফিসার মোঃ আসলাম পারভেজ, সার্ভেইল্যান্স মেডিকেল অফিসার ডা. আলী নূর হাসান, ফিল্ড অফিসার মো. মোহায়মিনুল ইসলাম এবং লজিস্টিক অফিসার মো. রাশেদ্দুজামান।
সভায় জেলার চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় জেলার বিভিন্ন পর্যায়ে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমের অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।