যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সন্ধ্যায় ফুটপাতজুড়ে পিঠার উনুন জানান দিচ্ছে শীত আসছে

শাহারুল ইসলাম ফারদিন

, যশোর

প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ১০:০০ এ এম
সন্ধ্যায় ফুটপাতজুড়ে পিঠার উনুন জানান দিচ্ছে শীত আসছে

কার্তিকের মাঝামাঝি। কুয়াশার আভাস, শীত আসি আসি করছে। যদিও আবহাওয়া এখনও যথেষ্ট জলসমৃদ্ধ স্যাঁতসেতে। এরই মাঝে সন্ধ্যা নামতেই যশোর শহরের মোড়ে মোড়ে জ্বলছে পিঠার উনুন। মাটির হাঁড়িতে ভাপে তৈরি হচ্ছে ভাপা পিঠা, ছাঁচে ছাঁচে বসছে চিতই। খেজুরের গুড়, গরম পিঠা আর ঝাল ভর্তার ঘ্রাণে জমে উঠছে ফুটপাতের দোকান।

শীত না এলেও খানিকটা যেন অভ্যাসবশে পিঠার স্বাদ নিতে ভিড় করছেন ক্রেতারা। আর শীত মওসুমকে ঘিরে বাড়তি আয়ের আশায় প্রস্তুত হয়ে উঠেছেন পিঠা বিক্রেতারা।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের দড়াটানা মোড়, পালবাড়ি ভাস্কর্যের মোড়, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড ও পুলিশ লাইন এলাকা ঘুরে দেখা যায়, পিঠার অস্থায়ী দোকানগুলোয় ক্রেতাদের আনাগোনা বাড়ছে। কেউ অফিস শেষে পরিবারের জন্য পিঠা কিনছেন, কেউ বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে গরম পিঠার স্বাদ নিচ্ছেন। আবার শহরে মেসে থাকা শিক্ষার্থীরাও ফুটপাতের দোকানে খুঁজছেন মা-চাচির হাতে তৈরি পিঠার স্বাদ।

ভাপা পিঠার মূল উপকরণ চালের গুঁড়া, নারকেল ও খেজুরের গুড়। যশোর যেহেতু গুড়ের জন্য সবচেয়ে বিখ্যাত, তাই এখানকার ভাপা পিঠার মজাই আলাদা। যদিও চলতি মওসুমের গুড় এখনও বাজারে আসার সময় হয়নি।

মাটির হাঁড়িতে ভাপে তৈরি এই পিঠার ভেতরে গুড় গলে তৈরি করে স্বতন্ত্র স্বাদ। অন্যদিকে চিতই পিঠার সঙ্গে রয়েছে নানা পদের ভর্তা। শুঁটকি, শর্শে, কচুশাক ও ধনেপাতাসহযোগে মরিচ ভর্তার সঙ্গে গরম চিতইয়ের যুগলবন্দী পিঠাপ্রেমীদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে।

চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে পিঠা কিনতে এসেছিলেন চাকরিজীবী খালেদা আক্তার। তিনি বলেন, ‘ব্যস্ততার কারণে বাসায় পিঠা বানানোর সময় হয় না। তাই অফিস শেষে বাড়ি ফেরার পথে বাচ্চাদের জন্য পিঠা নিয়ে যাচ্ছি। গরম পিঠা বাচ্চাদের খুব পছন্দ।’

পালবাড়ি ভাস্কর্যের মোড়ে বান্ধবীদের সঙ্গে পিঠা খেতে এসেছিলেন শিক্ষার্থী নুসরাত তাবাসসুম। তিনি বলেন, ‘শহরে মেসে থাকি বলে বাড়ির পিঠার স্বাদ মিস করি। বান্ধবীদের সঙ্গে এখানে এসে কিছুটা সেই স্বাদ পাই। বিশেষ করে মরিচ ভর্তার সঙ্গে চিতই পিঠা বেশ দারুণ।’

ক্রেতাদের আনাগোনা বাড়তে শুরু করলেও উপকরণের দাম নিয়ে দুশ্চিন্তা রয়েছে বিক্রেতাদের। পালবাড়ি ভাস্কর্যের মোড়ের পিঠা বিক্রেতা রাফেজা খাতুন প্রায় এক মাস ধরে পিঠা বিক্রি করছেন। তার ভাষ্য, শুরুতে বেচাকেনা কম থাকলেও এখন প্রতিদিন ৮০ থেকে ৯০টি ভাপা এবং প্রায় ১২০টি চিতই পিঠা বিক্রি হচ্ছে।

প্রতি পিস ভাপা পিঠা ১০, ১৫ ও ২০ টাকা এবং চিতই পিঠা ৫ থেকে ১০ টাকায় বিক্রি করছেন রাফেজা। তিনি বলেন, ‘খেজুরের গুড় ও চালের গুঁড়ার দাম কিছুটা বেশি। তাই খরচ সামলে লাভ করা কঠিন। তবে শীত এলে বেচাকেনা বাড়বে। তখন ভালো লাভ হবে বলে আশা করছি।’

শীত এখনো আসেনি। তবে সন্ধ্যায় ফুটপাতজুড়ে পিঠার উনুন আর ক্রেতাদের ভিড় জানান দিচ্ছে, যশোরে শীত মওসুমের প্রস্তুতি শুরু হয়ে গেছে। গরম পিঠার স্বাদে যেমন শীত উপভোগ আর মওসুমি ব্যবসায় বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন বিক্রেতারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)