যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আগামী বছরের জুনে চালু হবে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট

যশোর জেনারেল হাসপাতালে চালু হবে কিডনি ডায়ালাইসিস ইউনিট: প্রতিমন্ত্রী অমিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ১২:৫০ পিএম
যশোর জেনারেল হাসপাতালে চালু হবে কিডনি ডায়ালাইসিস ইউনিট: প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালু হবে।

তিনি জানিয়েছেন, হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

ইনশাআল্লাহ, আগামী বছরের জুন মাসে এটি চালু করা হবে।

করোনারি কেয়ার ইউনিট পূর্ণাঙ্গভাবে চালুর পর কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) যশোর সদর উপজেলার দুস্থ-অসহায় পরিবার ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যাতে সরকারি ব্যবস্থাপনায় কিডনি ডায়ালাইসিসের সুবিধা পেতে পারে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২০০টি দুস্থ-অসহায় পরিবার ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী।

সার বিতরণ প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করতে সার ও বীজ মনিটরিং কমিটি ঢেলে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সার বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

এ ক্ষেত্রে সার ডিলারের রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।

অনিয়মের অভিযোগ পাওয়া গেলে ডিলারশিপ বাতিলসহ সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, অর্থের অভাবে কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন না।

একইভাবে অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়ালেখাও বন্ধ হবে না। বর্তমান সরকার এ নিশ্চয়তা দিতে চায়।

সরকারি ভাতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অতীতে সরকারি ভাতা পেতে অর্থ লেনদেন করতে হয়েছে কিংবা জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিতে হয়েছে।

এখন থেকে কোনো ভাতা পেতে কাউকে অর্থ দিতে হবে না বা কারও কাছে ধরনা দিতে হবে না।

ভাতা পাওয়ার জন্য কেউ অর্থ লেনদেন করলে তিনি যেমন কার্ড পাবেন না, তেমনি যিনি অর্থ গ্রহণ করবেন, তাঁকেও আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, প্রতিটি ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে চায় সরকার।

জনপ্রতিনিধি হিসেবে তিনি নিজেও জনগণের কাছে জবাবদিহি করবেন।

একইভাবে সরকারি কর্মকর্তাদেরও জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ রায়। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)