খুলনা অফিস
মশাবাহিত রোগ প্রতিরোধ ও ক্যাম্পাসের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) 'মশক নিধন সপ্তাহ-২০২৬' শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর জোর দেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি ক্যাম্পাসের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেন।
১৭ থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সপ্তাহব্যাপী এই কর্মসূচি পালিত হবে। কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবন, সড়ক, ড্রেন এবং জলাবদ্ধ স্থানসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। এর মাধ্যমে কুয়েট ক্যাম্পাসকে মশামুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখা হবে।

নিরাপত্তা কমিটির সভাপতি ও সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, পরিচালক এবং শাখা প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।