সাতক্ষীরা প্রতিনিধি
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিষয়ভিত্তিক এ মেলার আয়োজন করা হয়। মেলায় মানবদেহের বিভিন্ন অঙ্গ ও উপাদানের কার্যক্রমসহ বিজ্ঞানের নানা বিষয় শিক্ষার্থীরা প্রদর্শন করে।
সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল আহমেদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালক মো. আহসানুর রহিম বিটু।
মেলার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক মো. আহসানুর রহিম বিটু, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এস এম আনোয়ারুজ্জামান মুকুল এবং সততা ক্লিনিকের প্রোপ্রাইটর এস এম আক্তারুজ্জামান মুকুল।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল ছন্দা রাহা, সহকারী শিক্ষক মোছা. সাদিয়া ইসলাম, কার্তিক রং, মোছা. শাহানাজ পারভিন, কৃষ্ণপদ কুলিন, পিযুষ মণ্ডল, মো. আশরাফুল ইসলাম, মোছা. রেবেকা সুলতানা, পূজা দত্ত, মোছা. রহিমা খাতুন, সুশান্ত ঘোষ, বিশ্বজিৎ দাস, মনোতোষ কুমার রায়, মো. ফজলুল হক, মো. আল শাহরিয়ার অনিক, মোছা. লতিফা ইয়াসমিন ও মো. খালিদ হাসানসহ শিক্ষার্থী ও অভিভাবকেরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. আহসানুর রহিম বিটু বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানের চর্চা, বিজ্ঞান মেলা, উদ্যোক্তা মেলা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। আগামীর আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মেধা বিকাশে আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রতিটি বিষয় অনুসরণ করছি এবং আগামীতেও করব। তারই ধারাবাহিকতায় আজকের এই বিষয়ভিত্তিক বিজ্ঞান মেলা। আগামী রোববার সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হবে। ওই মেলায় সবাইকে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করার আহ্বান জানাই।’
বিচারক ও কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এস এম আনোয়ারুজ্জামান মুকুল বলেন, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা আনিছুর রহিম একাধারে স্বনামধন্য কলেজ শিক্ষক, সাংবাদিক, শিক্ষানুরাগী ও সমাজ সংস্কারক ছিলেন। তার উদ্যোগেই তৎকালীন সময়ে এ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জেলার শিক্ষাঙ্গনে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।