পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলায় বজ্রপাতে তিনটি গরুর মৃত্যু হয়েছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন দুই প্রান্তিক খামারি। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার দেলুটী ইউনিয়নের হরিণখোলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে দমকা হাওয়ার সঙ্গে তীব্র ঝড়-বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে মাঠে থাকা গ্রামের ননি কবিরাজ ও শিব সরদারের তিনটি গরু বজ্রপাতে মৃত্যু হয়।
ক্ষতিগ্রস্ত খামারি ননি কবিরাজ ও শিব সরদার জানান, গরুগুলো মাঠসংলগ্ন খোলা স্থানে বাঁধা ছিল। আকস্মিক দুর্যোগের কারণে সেগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত সময় বা সুযোগ তারা পাননি। বজ্রপাতে মৃত গরুগুলোর বাজারমূল্য অনেক বেশি। এই ধরনের ক্ষতিতে তারা আর্থিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছেন। জীবিকার অন্যতম প্রধান অবলম্বন হারিয়ে পরিবার দুটি এখন চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে।
এদিকে ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত খামারিদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এই আকস্মিক ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে জরুরি আর্থিক সহায়তার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী দুই খামারি।