যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় পৃথক ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ০৪:০৫ পিএম
আপডেট : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ০৬:৫৯ পিএম
সাতক্ষীরায় পৃথক ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার পৃথক তিনটি স্থান থেকে একদিনে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) জেলা সদর, কলারোয়া ও আশাশুনি উপজেলা থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ উদ্ধারকৃত মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর বেড়বাড়ি গ্রামে নিজ ঘরের ভেতর গলায় ফাঁস লাগিয়ে অমিত হাসান (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের মোসলেম সরদারের ছেলে। শুক্রবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে অমিত হাসান অনলাইন জুয়ায় আসক্ত ছিল এবং এর ফলে সে প্রচুর দেনায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে সে মাদকাসক্তও হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, এসব কারণেই মানসিক অবসাদ থেকে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

জেলার কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামে একটি মোবাইল টাওয়ারের পাশের ডোবা থেকে মেহেদী হাসান (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মেহেদী উপজেলার কয়লা গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং পেশায় একজন মধু ব্যবসায়ী ছিলেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহের সুরতহাল ও পরিস্থিতি দেখে এটিকে প্রাথমিকভাবে স্পষ্ট হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, যুবককে অন্য কোনো স্থানে হত্যার পর লাশ টেনে-হিঁচড়ে এনে এই ডোবার মধ্যে ফেলে গেছে দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে।

এদিকে জেলার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা লম্বাডাঙ্গা খাল থেকে আব্দুর রহিম (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহিম উপজেলার শ্বেতপুর গ্রামের বাসিন্দা এবং মৃত ফরিদ উদ্দীনের ছেলে।

শুক্রবার সকালে খালের পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান জানান, নিহত আব্দুর রহিম দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এ কারণে অনেক সময় তাকে শিকল দিয়ে বেঁধেও রাখা হতো।

তবে মাঝে মধ্যে শারীরিক ও মানসিক অবস্থার কিছুটা উন্নতি হলে তিনি ভোরে নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হতেন। আজ শুক্রবার ভোরেও তিনি নামাজ পড়তে বের হয়েছিলেন, পরে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)