মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় সুরত আলী (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজগঞ্জ-ত্রিমোহনী সড়কের শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরত আলী উপজেলার শাহাপুর গ্রামের মৃত মহাতাব মোড়লের ছেলে। তিনি মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের (রামপুর, শাহপুর ও হাকিমপুর) সাবেক সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও শাহাপুর মোড়ের সার ব্যবসায়ী শাহজাহান কবীর জানান, বিকেল ৫টার দিকে সুরত আলী নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ির সামনে মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ত্রিমোহনীর দিক থেকে আসা দুই কিশোরের দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা দুই কিশোরও ছিটকে পড়ে সামান্য আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় ক্ষুব্ধ জনতা তাদের অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শাহাপুর মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক এক ইউপি সদস্য মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’