স্টাফ রিপোর্টার
, যশোর
বিএডের শেষ পরীক্ষা দেওয়া হলো না ঝালকাঠি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিল্লাল হোসেনের (৩৩)। পরীক্ষা দিতে যশোরে আসার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে যশোরের পুলেরহাট-রাজগঞ্জ সড়কের তফসীডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের মির্জানগর গ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে।
নিহতের মা শামসুন্নাহার ও চাচা সিরাজুল ইসলাম জানান, বিল্লাল হোসেন ঝালকাঠি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। যশোর শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে (বিএড কলেজ) বিএড পরীক্ষা দেওয়ার জন্য ১৫ দিনের ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। মঙ্গলবার ছিল তার শেষ পরীক্ষা। পরীক্ষা শেষে বুধবার তার কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আর ফেরা হলো না।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার শেষ পরীক্ষায় অংশ নিতে তিনি সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে যশোরের উদ্দেশে রওনা হন। পথে পুলেরহাট-রাজগঞ্জ সড়কের তফসীডাঙ্গা আলিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা বালু-খোয়ার বস্তার সঙ্গে ধাক্কা লাগে। এতে বিল্লাল হোসেন মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় পথচারী পুলেরহাট গ্রামের আশিকুর রহমান তাকে উদ্ধার করে দুপুর ১২টা ৩৩ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাজীব রায় চৌধুরী তাকে মৃত ঘোষণা করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।