স্টাফ রিপোর্টার
, যশোর
ছবি: ফাইল ছবি
যশোরের 'সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়'-এর অনুকূলে ৭ দশমিক ৯৮ কাঠা আয়তনের একটি প্রাতিষ্ঠানিক প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের আহ্বানে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে এই জমি বরাদ্দ দেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের এক স্মারকপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
এই অর্জনে কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তার ফেসবুক পোস্টে বলেন, ‘যশোরের উন্নয়নে অব্যাহত সমর্থনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি যশোরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে ধন্যবাদ জানাই জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ও গণপূর্ত মন্ত্রণালয়কে।’
সরকারি বরাদ্দপত্রের শর্তানুযায়ী, এই জমিটি কোনোভাবেই আবাসিক, বাণিজ্যিক বা শিল্প শ্রেণিতে রূপান্তর করা যাবে না এবং কেবলমাত্র 'বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়' স্থাপনের উদ্দেশ্যেই ব্যবহার করতে হবে। এছাড়া, অবকাঠামো নির্মাণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নকশা অনুমোদন করিয়ে নিতে হবে।
সুইড বাংলাদেশ যশোর জেলা শাখার নির্বাহী সচিব আবুল বাশার সাইফুদ্দৌলা জানান, ১৯৯৪ সালে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম নিজের জায়গায় বিনা ভাড়ায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। এত বছর পর প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি নিজস্ব স্থায়ী জায়গা পেল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর ইসলামও এই প্রাপ্তিতে বিশেষ আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন।