বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবন উপকূলীয় বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদের চরে একটি গাভীর ওপর হামলা চালিয়েছে বিশাল আকৃতির কুমির। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বগী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের তাড়া খেয়ে কুমিরটি গাভীটিকে ছেড়ে নদীতে চলে গেলেও বারবার সেটি ভেসে ওঠায় উপকূলবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বলেশ্বর নদের চরে কচুরিপানা খাওয়ার সময় হঠাৎ একটি কুমির উঠে এসে আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের গাভীটিকে কামড়ে ধরে নদীর দিকে টেনে নেওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে তাড়া করলে কুমিরটি গাভীটিকে ছেড়ে নদে ফিরে যায়। কুমিরের কামড়ে গাভীটির পেছনের অংশ গুরুতর জখম হয়েছে।
শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসক মাসুম বিল্লাহ জানান, জখম গাভীটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের দাবি, গত ১৪ সেপ্টেম্বরও সাউথখালীর বাবলাতলা ও গাবতলা-সংলগ্ন এলাকায় ১২-১৩ ফুট লম্বা একটি কুমির দেখা গিয়েছিল। বগী এলাকায় গবাদিপশুর ওপর হামলা চালানো কুমিরটি সেটিই হতে পারে। নদে কুমিরের এমন বিচরণে স্থানীয়দের গোসল, মাছ ধরা ও চরে গবাদিপশু চরানো নিয়ে উদ্বেগ বেড়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শরীফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে বনরক্ষীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং কুমিরটির গতিবিধি পর্যবেক্ষণে রাখা হয়েছে। আতঙ্কিত না হয়ে নদসংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’