বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবনের শরণখোলা-সংলগ্ন ভোলা নদীতে জহুরুল পহলান নামের এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের এক বিশাল কোরাল মাছ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে মাছটি ধরার পর শরণখোলা বাজারের মৎস্য আড়তে ৩৬ হাজার টাকায় বিক্রি করা হয়।
সেই হিসাবে প্রতি কেজি মাছের দাম পড়েছে এক হাজার ৮০০ টাকা।
বন বিভাগ ও স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের মতে, তিন মাসের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনে জেলেদের জালে ধরা পড়া মাছের মধ্যে এটিই চলতি মৌসুমের সবচেয়ে বড় কোরাল।
জেলে জহুরুল জানান, শরণখোলা স্টেশন থেকে পাস নিয়ে তিনি নদীতে জাল ফেলেন। কিছুক্ষণের মধ্যে জালে টান লাগলে টেনে তোলার পর বিশাল এই কোরাল মাছটি দেখতে পান।
ভালো দাম পাওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত।
মাছটির ক্রেতা আড়তদার শাহাদাত মুন্সী বলেন, ‘বড় কোরালের চাহিদা সবসময়ই বেশি। আশা করছি কেজিতে দু-তিনশ টাকা লাভে এটি বিক্রি করতে পারবো।’
পূর্ব সুন্দরবন শরণখোলা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান বলেন, তিন মাসের সরকারি নিষেধাজ্ঞার ফলে সুন্দরবনের নদ-নদীতে মাছগুলো বড় হওয়ার সুযোগ পেয়েছে। এখন বড় বড় মাছ ধরা পড়ায় জেলেরা লাভবান হচ্ছেন।