খুলনা অফিস
সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এক পুলিশ কর্মকর্তার বাসায় গৃহপরিচারিকাকে মারধরের অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
বিষয়টি জানাজানি হলে পুলিশ ওই গৃহপরিচারিকাকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়।
ভুক্তভোগীর নাম মিলন দাস বকুল। তিনি দীর্ঘদিন ধরে সোনাডাঙ্গা মডেল থানায় কর্মরত এএসআই সঞ্জয় ও তার স্ত্রী এএসআই পপি হালদারের বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিলেন।
পুলিশ জানায়, বুধবার সকালে রান্নার সময় তরকারি পুড়ে যাওয়াকে কেন্দ্র করে বকুলকে গালিগালাজ করেন এএসআই পপি হালদার। একপর্যায়ে তাকে মারধরও করেন। তার চিৎকার শুনে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
এরপর সোনাডাঙ্গা থানার এসআই সাইফুল ইসলাম ঘটনাস্থল থেকে বকুলকে উদ্ধার করে থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যান। তিনি বলেন, ঘটনার সময় এএসআই সঞ্জয় বাসায় উপস্থিত ছিলেন না। প্রাথমিকভাবে জানা গেছে, রান্নার সময় আগুন ধরে যাওয়াকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটে।
এসআই সাইফুল জানান, বকুল ছোটবেলা থেকেই ওই বাসায় কাজ করছেন। তার চিকিৎসার প্রয়োজন কি না, তা নিশ্চিত করতে ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ওই গৃহপরিচারিকা দীর্ঘদিন পুলিশ কর্মকর্তা দম্পতির বাসায় রয়েছেন। রান্নার সময় কোনো কারণে তাকে চড়-থাপ্পড় মারা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তবে, এ ব্যাপারে বকুলের বক্তব্য পাওয়া যায়নি।