সুবর্ণভূমি ডেস্ক
আর্জেন্টিনা-আলজেরিয়ার গ্রুপ ‘জে’র ম্যাচে লড়াই করেও শেষ রক্ষা হলো না জর্ডানের। প্রথমবার বিশ্বকাপের মঞ্চে পা রাখা জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়েছে অস্ট্রিয়া। সান ফ্রান্সিসকোর বে অ্যারেনায় ম্যাচজুড়ে লড়াই করেছে জর্ডান। তবে শেষ দিকের দুই গোল এবং একটি আত্মঘাতী ভুলের কারণে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
ম্যাচের প্রথমার্ধ থেকেই জর্ডানকে চেপে ধরে ইউরোপের দল অস্ট্রিয়া। ২০ মিনিটে রোমানো স্মিডের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় জর্ডান। ম্যাচের ৫০ মিনিটে নুর আল-রাওয়াবদেহের গোলে ম্যাচে ১-১ সমতা ফেরায় প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা দলটি।
ম্যাচের ৬৭ মিনিটে জর্ডানের জালে আবারও বল পাঠিয়েছিলেন অস্ট্রিয়ার তারকা ফরোয়ার্ড মার্কো আরনাউতোভিচ। তবে ভিএআরপরীক্ষায় দেখা যায়, বল বানিয়ে দেওয়ার সময় স্টেফান পশের হাতে বল লেগেছিল। ফলে হ্যান্ডবলের কারণে গোলটি বাতিল হয়।
তবে অস্ট্রিয়াকে বেশিক্ষণ আটকে রাখতে পারেনি জর্ডান। ৭৬ মিনিটে এক অনাকাঙ্ক্ষিত ভুলে দ্বিতীয় গোল হজম করে বসে তারা। অস্ট্রিয়ার একটি কর্নার কিক বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন জর্ডানের ডিফেন্ডার ইয়াজান আল-আরব। এই আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে মানসিকভাবে ভেঙে পড়ে জর্ডান।
ম্যাচের অতিরিক্ত সময়ের শততম মিনিটে জর্ডানের কফিনে শেষ পেরেকটি ঠোকেন মার্কো আরনাউতোভিচ। পেনাল্টি থেকে গোল করে অস্ট্রিয়ার ৩-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন তিনি। এই জয়ের ফলে গ্রুপ ‘জে’তে আর্জেন্টিনার সমান ৩ পয়েন্ট নিয়ে টেবিলের সুবিধাজনক অবস্থানে রইলো অস্ট্রিয়া।