স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ ও সহকারী জজ আদালতের প্রাচীরে ককটেল বিস্ফোরণের মামলায় আরও আটজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন মামলার এজাহারভুক্ত আসামি শহরের ষষ্ঠিতলাপাড়ার মৃত হাফিজুর ইসলাম মরার ছেলে হৃদয় ইসলাম এবং সন্দেহভাজন আসামি জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শেখহাটির কাজী আলমগীর হোসেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, আওয়ামী লীগ সদস্য শহিদুজ্জামান সেলিম, চাঁচড়া রায়পাড়ার খাইরুজ্জামান বাপ্পী, চাঁচড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাদশা ফয়সাল, খোলাডাঙ্গার আজিজুল ইসলাম ও তালবাড়িয়া গ্রামের সোহেল রানা।
এছাড়া গত ১ নভেম্বর শহরের লালদীঘির পাড় এলাকায় যুবলীগের মিছিলের ঘটনায় মণিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের আক্তারুজ্জামান শিবলি নামে আরও একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর রাত ৮টার দিকে যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর ও মুজিব সড়কের সহকারী জজ আদালতের দেয়ালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন (১৩ নভেম্বর) ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাত ও শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে এই মামলায় নয়জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।