খুলনা অফিস
খুলনা মহানগরীতে পৃথক দুটি অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ রাজিয়া বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে এসআরবি-৬ এর স্পেশাল কোম্পানির সদস্যরা দৌলতপুর ও সদর থানা এলাকায় এসব অভিযান চালান।
শনিবার (১৪ নভেম্বর) এসআরবি-৬ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি দল খুলনা মহানগরীর দৌলতপুর থানার ছয় নম্বর ওয়ার্ডের পাবলা ফকিরপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় দুটি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ রাজিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজিয়া পাবলা ছয় নম্বর ওয়ার্ডের কবির বটতলা এলাকার মৃত শামীম জোয়াদ্দারের স্ত্রী।
অপরদিকে, একই রাতে আনুমানিক ২টার দিকে এসআরবির আরেকটি দল খুলনা সদর থানা এলাকায় অভিযান চালায়। এ সময় নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকার ২৮ নম্বর ওয়ার্ডের বালুর মাঠ-সংলগ্ন ফিরোজ নামে এক ব্যক্তির বাড়ির টিনের প্রাচীরের বাইরে থেকে সবুজ পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি দেশি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার রাজিয়া বেগমের বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা দেশি অস্ত্রটির বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে সেগুলো থানায় হস্তান্তর করা হয়েছে।