বাগেরহাট প্রতিনিধি
হাসপাতালকেন্দ্রিক একটি দালালচক্রের বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে আদালতের আকস্মিক অভিযানে একজনকে আটক করা হয়। পরে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানের খবর পেয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কয়েকজন প্রতিনিধি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আটক ব্যক্তি মো. ইয়াছিন (৩৭) সোনামণি ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি বলে জানানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ফকিরহাটের সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফ নেওয়াজ তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অভিযানকালে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানভীর মাহমুদ অনিক ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।