স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের শার্শার উপজেলার শীর্ষ সন্ত্রাসী সোহরাব হোসেনকে ঢাকার হাতিরঝিল থানা পুলিশ আটক করেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হাতিরঝিল এলাকা থেকে তাকে আটক করা হয়।
সোহরাব হোসেন কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ শাসনামলের শেষ সময়ে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেন। বিতর্কিত সেই নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এই সন্ত্রাসী আটকের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, যশোরের শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব এই এলাকায় অবস্থান করছেন। পরে আমরা নির্দিষ্ট স্থানে গিয়ে তাকে গ্রেপ্তার করি।’
সোহরাব হোসেন আওয়ামী লীগের পলাতক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের প্রধান ক্যাডার ছিলেন। তার নেতৃত্বাধীন দুর্বৃত্তরা সেসময় সীমান্তে মাদক, সোনা, অস্ত্র চোরাচালান ছাড়া জমিজমা দখল, চাঁদাবাজিতে লিপ্ত ছিল বলে ব্যাপক অভিযোগ আছে। ফ্যাসিবাদী সরকারের পতনের পর সোহরাব আত্মগোপনে যান। সম্প্রতি তিনি আফিলের বলয়ের বাইরে নিজের অনুসারীদের সংগঠিত করছিলেন বলে শার্শা এলাকার সূত্রগুলো জানিয়েছে।